Top Header
Author BartaLive.com
তারিখ: ২৯ জুলাই ২০২৫, ০৩:২৪ অপরাহ্ণ

‘দেশের এক নম্বর সুদর্শন! সত্যিটাই লিখতেন না হয়’ — এডলফ খান

News Image

দেশের জনপ্রিয় ফ্যাশন ও মডেলিং কোরিওগ্রাফার এডলফ খান সম্প্রতি নিজের ছবি ও ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলমান মাতামাতি এবং অতিরঞ্জিত প্রচার-প্রচারণা নিয়ে বিরক্তি ও হতাশা প্রকাশ করেছেন। সোমবার (২৮ জুলাই) ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি জানান, ব্যাপক ভিউ আর ভাইরাল দৌড়ে তার নাম-পরিচিতিকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, তাতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত।

স্ট্যাটাসে এডলফ লেখেন, “আমার ছবি-ভিডিও দিয়ে নেট দুনিয়া সয়লাব! ভাইরে ভাই, আমাকেই পাইলেন আপনারা! ভালো-মন্দ, বাস্তব-অবাস্তব, মনগড়া ক্যাপশন দিয়ে লক্ষ লক্ষ ভিডিও বানানো হচ্ছে। STYLISH FASHION DIRECTOR AWARD পেয়েছি ঠিক আছে, কিন্তু বানিয়ে দিলেন দেশের এক নম্বর সুদর্শন! সত্যিটাই লিখতেন না হয়।”

ব্যক্তিগত জীবনেও তিনি চরম চাপের মধ্যে আছেন জানিয়ে বলেন, “বাবা হসপিটালে, মন ভালো নেই। সারাক্ষণ ডিউটি করতে হচ্ছে। এই অবস্থায় আমি নিজের ছবি-ভিডিও কিছু দিতে না পারলেও আপনারা দিচ্ছেন, আপলোড করছেন—দিয়ে শান্তি পান, থাকেন। তবে এত পোস্ট আমাকে ঘিরে দেখে এখন দিশেহারা লাগছে, আপনারা সত্যিই অনেক পারেন!”

এডলফ খান অভিযোগ করেন, ভিউ আর ভাইরাল লাভের উদ্দেশ্যে তাকে ব্যবহারের চেষ্টা চলছে। “ভিউয়ের বাণিজ্যে আমাকে বন্দুকের গুলির মুখে রেখে ডলার কামাচ্ছেন, মাঝে মাঝে আমাকেও কিছু দিয়েন! না দিলেও অন্তত কৃতজ্ঞতা জানালেই চলবে,”—লিখেছেন তিনি।

তিনি আরও বলেন, “জামার দাম থেকে শুরু করে, শাহরুখ খানের সাথে তুলনা, ‘লাখো মেয়ের ক্রাশ’, এমনকি ‘দেশের এক নম্বর সুদর্শন’ উপাধি—সব বানানো কথা। আমি কি কখনও এসব বলেছি? কোথাও এই রকম কোনো ইন্টারভিউ দিয়েছি?”

পোস্টের একদম শেষে তিনি লেখেন, “ভালোবাসার বহিঃপ্রকাশ আরও বাস্তবিক, সত্য আর সুন্দর হতে পারে। সত্যি বলছি—বলার মতো ভাষা নেই।”

এডলফ খানের এই পোস্টে ইতোমধ্যেই হাজারো মন্তব্য ও শেয়ার দেখা গেছে। ভক্ত-অনুরাগীদের একাংশ যেমন তাকে সমর্থন করছেন, তেমনি অনেকেই এও বলছেন—এই জনপ্রিয়তা তার প্রাপ্য, তবে ‘মিথ্যে না ছড়ানোই ভালো’।

Watermark