Top Header
Author BartaLive.com
তারিখ: ২১ আগস্ট ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ণ

টিকটক নিয়ে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব, স্বামী মোবাইল বিক্রি করতে গেলে গলায় ফাঁস দেন স্ত্রী

News Image

বাগেরহাটের মোল্লাহাটে স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের জেরে বৃষ্টি (২২) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গাড়ফা গ্রামের একটি ভাড়া বাসায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বৃষ্টি গোপালগঞ্জ সদর উপজেলার মধুপুর গ্রামের জাকির শেখের মেয়ে। স্বামী সাজ্জাদুল ইসলাম শেখ (২৭) একই উপজেলার চরগোবরা গ্রামের মজিবর শেখের ছেলে। তাদের সাড়ে তিন মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর আগে প্রেমের সম্পর্ক থেকে বৃষ্টি ও সাজ্জাদুলের বিয়ে হয়। তবে স্বামীর পরিবার এ সম্পর্ক মেনে না নেওয়ায় তারা মোল্লাহাটে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। সাজ্জাদুল পেশায় দিনমজুর।

স্থানীয়রা জানান, সম্প্রতি বৃষ্টি একটি মোবাইল ফোন কিনে টিকটক ব্যবহার শুরু করেন। এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন বিকেলে সাজ্জাদুল মোবাইলটি বিক্রি করতে বাজারে যান। প্রত্যাশিত দাম না পাওয়ায় সেটি বিক্রি না করে ফিরে আসেন। বাড়ি ফিরে স্ত্রীর কোনো সাড়া না পেয়ে ডাকাডাকি করেন। পরে দরজার ফাঁক দিয়ে দেখতে পান, গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন বৃষ্টি।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মোল্লাহাট থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

তবে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; বৃষ্টিকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলুল হক বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পাশাপাশি পরিবারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।”

Watermark